সংযুক্ত মোর্চার প্রার্থী ঘোষণা নিয়ে জট কাটল না নদিয়ায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ মার্চ:
সংযুক্ত মোর্চার প্রার্থী ঘোষণা নিয়ে জট কাটল না নদিয়ার শান্তিপুরে। গত বুধবার বিকেলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কিছু আসন বাদে বামেদের অন্যান্য আসনের যে প্রার্থী তালিকা ঘোষণা করে সেখানে নদিয়া জেলার নয়টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বাকি আসনে সংযুক্ত মোর্চার প্রার্থী ঘোষণা নিয়ে জট কাটল না নদিয়ার শান্তিপুরে। নদিয়া জেলার নয়টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। করিমপুরে প্রভাস মজুমদার, তেহট্টে সুবোধ বিশ্বাস, পলাশীপাড়ায় এসএম শাদী, নাকাশি পাড়ায় শুক্লা সাহা চক্রবর্তী, নবদ্বীপে স্বর্ণেন্দু সিংহ, কৃষ্ণনগর দক্ষিণে সমীর বিশ্বাস, রানাঘাট দক্ষিণে বর্তমান বিধায়ক রমা বিশ্বাস, চাকদায় নারায়ণ দাস গুপ্ত, কল্যাণীতে সবুজ দাস। এখনও পর্যন্ত রফা হওয়া আসনগুলির মধ্যে কালিগঞ্জ, কৃষ্ণনগর উত্তর, রানাঘাট উত্তর পশ্চিম এই আসন তিনটিতে কংগ্রেস প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা যায়। আইএসএফকে ছাড়া হয়েছে চাপড়া বিধানসভা কেন্দ্রটি। এছাড়া শান্তিপুর, রানাঘাট উত্তর-পূর্ব, কৃষ্ণগঞ্জ এবং হরিণঘাটা এই আসন চারটিতে শেষ পর্যন্ত কারা লড়বে তা এখনও চূড়ান্ত হয়নি। ফলে শান্তিপুরে প্রার্থী জাতীয় কংগ্রেসের না সিপিএমের সেই নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। দিন কয়েক আগে যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ঋজু ঘোষাল শান্তিপুরে আসায় জল্পনা চলছে শান্তিপুর আসনে কংগ্রেসের হয়ে ঋজু ঘোষালই প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি অবশ্য সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন।

সূত্রের খবর শান্তিপুরে নাকি সিপিএম প্রার্থী দেবে। এখন দেখা যাক দু’পক্ষের আলোচনা শেষে শান্তিপুর আসনে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে সিপিএমের না কংগ্রেসের। এ বিষয়ে সিপিএমের নদিয়া জেলা সম্পাদক সুমিত’দের সাথে ফোনে যোগাযোগ করলে উনি মুখ খুলতে চাননি। তিনি জোটের এই আসন বন্টনের বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে এড়িয়ে গিয়ে তিনি বলেন উপরমহল থেকে যা সিদ্ধান্ত নেওয়ার তারাই নেবেন।

আর জাতীয় কংগ্রেসের নদীয়া জেলা সাধারণ সম্পাদক দেবাশীষ বাগ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আসন সংক্রান্ত বিষয়ে আমি কিছু বলবো না। ওটা রাজ্য নেতৃত্ব ঠিক করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *