সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ সেপ্টেম্বর: দাবিমত তোলা না দেওয়ায় কাঠ বোঝাই এক ট্রাক চালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শনিবার দুপুরে এর প্রতিবাদে বনগাঁ ১ নম্বর গেটে পুলিশকে ঘেরাও করে বাসিন্দাররা বিক্ষোভে তেতে উঠে। মারধরে গুরুতর আহত ওই ট্রাক চালককে আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন সকাল থেকে ট্র্যাফিক ওসির নেতৃত্বে পুলিশ কর্মীরা এলাকায় গাড়ি থামিয়ে তোলা আদায় করছিলেন। এদিন সকালে গাছের গুড়ি বোঝাই ট্রাক নিয়ে বনগাঁর দিক থেকে হাবড়ার যাচ্ছিলেন ট্রাকচালক। ট্রাকটি থামানোর নির্দেশ দেওয়া হয়। পেছনে অন্যান্য গাড়ি থাকায় ট্রাক চালক গাড়িটি কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রাকটি ফের চলে যেতে থাকে। সেই সময় পুলিশ কর্মীরা তাড়া করে ট্রাকটি আটকে গাড়ির মধ্যেই বেধড়ক মারধর করেন। পরে তাকে ট্রাক থেকে বের করে মাটিতে ফেলে মারধর করে বলে অভিযোগ। চালক জ্ঞান হারিয়ে ফেললেও কয়েকজন পুলিশ কর্মী তাঁকে নিয়ে গিয়ে বনগাঁ মহকুমা হাসপাতলে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ।
পথ চলতি মানুষ পুলিশের এই জুলুম বাজির বিরুদ্ধে সরব হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত পুলিশ কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে অন্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসে অভিযুক্ত পুলিশ কর্মীকে উদ্ধার করেন। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

