পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ সেপ্টেম্বর: কনস্টেবলের পরীক্ষাতেও ভাড়াটিয়া পরীক্ষার্থী। রবিবার রাজ্য পুলিশে কনস্টেবলের পরীক্ষা দিতে এসে দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার হল দুই ভুয়ো পরীক্ষার্থী। যে ঘটনায় রীতিমতো আলোড়ন পড়েছে গোটা জেলাতেই। এদিন রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলাকালীন আমিনপুর হাইস্কুল থেকে একজন ভুয়ো পরীক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করে।

সূত্রের খবর, ধৃত ওই পরীক্ষার্থীর নাম রাধেশ্যাম মন্ডল। মনোজ মন্ডলের হয়ে পরীক্ষা দিচ্ছিল সে। অন্যদিকে কুমারগঞ্জ থানার পুলিশও হরিরাম পন্ডিত নামে এক ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে। যিনি বিহারের কাটিহারের বাসিন্দা। পুলিশ কনস্টেবলের মতো সামান্য পরীক্ষাতেও এমন ভাড়াটিয়া পরীক্ষার্থীর ঘটনাকে ঘিরে রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এব্যাপারে জেলা পুলিশের তরফে সাংবাদিকদের সেভাবে কিছু বলতে চাওয়া হয়নি।

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে অবশ্য গ্রেপ্তার হওয়া দুই যুবকের পরিচয় বিষয়ে কিছুই জানাতে চাননি। তবে তিনি জানিয়েছেন ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অন্য জনের হয়ে এদিন পরীক্ষা দিতে এসেছিল।

