ইসলামপুর পৌরসভা নির্বাচনে অশান্তির আশঙ্কা করছেন খোদ তৃণমূল বিধায়ক

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৫ ফেব্রুয়ারি: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভা নির্বাচনে অশান্তির আশঙ্কা করছেন খোদ তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী।

ইসলামপুরের তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেনকে নিয়েই আশঙ্কা বিধায়কের। ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় নিজের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি। এমনকি জাকির হুসেনকে ভোটের প্রচারে না নিয়ে আসার জন্য জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল’কে তিনি বলবেন বলে জানিয়েছেন। পাশাপাশি ব্লক সভাপতি জাকির হুসেনের ওপর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার জন্য ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে জানাবেন বলে জানিয়েছেন তিনি।

এবিষয়ে অবশ্য জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল’কে জিজ্ঞেস করা হলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পৌরসভা কিংবা বিধানসভা, কোনো নির্বাচনে সন্ত্রাস হয়নি এবং তিনি দায়িত্ব নিয়ে বলছেন আসন্ন পুরসভা নির্বাচনেও কোন সন্ত্রাস হবে না।

তবে বিধায়কের এমন বক্তব্যে ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা করছে তৃণমূলের একাংশ। ইতিমধ্যেই তৃণমূলের টিকিট না পাওয়ায় যারা নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তাদের তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। তারমধ্যে ইসলামপুরের ১০ জন এবং ডালখোলা পুরসভার ১২ জনকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। এমত অবস্থায় আসন্ন পৌরসভা নির্বাচনে তৃণমূলের ভোটব্যাঙ্কে কোনো প্রভাব পড়বে কিনা সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *