স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ ফেব্রুয়ারি: দলীয় পতাকা ছেঁড়ার প্রতিবাদ করার লোহার রড দিয়ে হামলা, মাথায় আঘাত। এরপর বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, ধারালো অস্ত্র নিয়ে বাড়ি এবং দোকান ভাঙ্গচুর। শুধু তাই নয় প্রশাসনের দ্বারস্থ হলেন প্রাণে মেরে ফেলার হুমকি। অভিযোগের তীর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার মৌচাক কলোনি এলাকায়। চরম আতঙ্কে ভুগছে ওই পরিবার।
জানা গেছে, গতকাল রাতে বেশ কয়েকজন যুবক বিজেপির একাধিক দলীয় পতাকা ছিঁড়ে নিজেদের পতাকা লাগাচ্ছিল। ঠিক তখনই মৌচাক কলোনি এলাকায় এক ব্যক্তি প্রশ্ন করেন কেন অন্যদের দলীয় পতাকা ছেঁড়া হচ্ছে। অভিযোগ, এরপরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা একটি লোহার রড দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করে। পরে আরও বেশ কয়েকজন এসে ঐ ব্যক্তির বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। অস্ত্র দিয়ে তাঁর দোকান এবং বাড়িতে হামলা করা হয়। বাড়ির চালের টালি ভেঙ্গে দেওয়া হয়। প্রশাসনের দ্বারস্থ হলে সকলকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয় দুষ্কৃতীরা। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ওই এলাকায় সিপিআইএম প্রার্থী সূর্য প্রামানিক বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস। পুরোপুরি পুলিশকে সামনে রেখে তারা সন্ত্রাস চালাচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয় না। আমরা এই সন্ত্রাস আর বেশিদিন চলতে দেব না এই এলাকায়। প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে উচ্চতর নেতৃত্বের সঙ্গে কথা বলে প্রয়োজনে বিক্ষোভ-অবরোধে নামব আমরা।
যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছে ওই এলাকার তৃণমূল প্রার্থী। তিনি বলেন, এ ঘটনার সাথে তৃণমূল কখনোই যুক্ত থাকতে পারে না। আমরা মমতা ব্যানার্জির দল করি উন্নয়নে শামিল হয়ে, আমরা সন্ত্রাসী নই। অভিযোগের ভিত্তিতে তদন্ত করার আশ্বাস দিয়েছে শান্তিপুর থানার পুলিশ।

