প্রেসিডেন্সিতে এসএফআই-এর শহিদ স্মরণে জমায়েত

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: মঙ্গলবার ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শাখা প্রতিষ্ঠানের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে শহীদ স্মরণে জমায়েত, মাল্যদান এবং মিছিল করে।

এসএফআইয়ের শাখা সম্পাদক অদ্রিজা কারক এই প্রতিবেদককে জানান, “গত বছরে ১১ই ফেব্রুয়ারি চাকরি ও শিক্ষার দাবিতে বাম ছাত্র- যুবদের ডাকা ‘নবান্ন অভিযান’ এ পুলিশি আক্রমণে বহু কমরেড আক্রান্ত হন এবং এই পুলিশি বর্বরতার ফলাফল হিসেবে কমরেড মইদুল মিদ্যা আজকের দিনে শহিদ হন। আজ সেই স্মরণেই ছিল সমাবেশ।“

সমবেতরা ‘জলজঙ্গল জমিনের অধিকার ফেরাও, দেউচা পাঁচামির সাধারণ মানুষের পাশে দাঁড়াও’, শিক্ষার অধিকার প্রভৃতির ধ্বণি দেয়।

প্রসঙ্গত, গত বছর বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশ এলোপাথাড়ি লাঠিচার্জ করে। বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা, ডিওয়াইএফ নেতা মইদুল ইসলাম মিদ্যা গুরুতর আহত হন। এর পর তাঁর মৃত্যু হয়। তারপরই রাজপথে আছড়ে পড়ে বাম ছাত্র যুবদের রোষ। এই মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে ডিওয়াইএফআই। মৃত্যুর দু’দিন বাদে এর তদন্তে ৭ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে কলকাতা পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, মৃতের হাঁটুর ওপর ছড়ে যাওয়ার দাগ ছিল। শরীরে ভিতরে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ ঠিকমতো কাজ করছিল না। এই অবস্থায় মইদুলের মৃত্যুর কারণ জানতে ভিসেরা ও হিস্টোপ্যাথলজিক্যাল পরীক্ষা হয়। সিসি ক্যামেরায় নবান্ন অভিযানের দিন হগ স্ট্রিটে দেখা গিয়েছিল মইদুল ইসলাম মিদ্যাকে। জলকামান চার্জ করার পর বিক্ষোভকারীরা ফুটপাথে উঠে দৌড়তে শুরু করেন। সেই সময় পুরসভা ভবনের উল্টোদিকের ফুটপাথে মইদুলকে দেখা গিয়েছিল।  তারপর তিনি ভিড়ের ধাক্কায় পড়ে যান, নাকি অন্য কিছু হয়, তা স্পষ্ট হয়নি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *