আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: গরুপাচার কান্ডে আজ সাংসদ দেবকে জেরা করেছে সিবিআই। একই দিনে চন্ডিপুর এর বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সজল মুখার্জিকে দুর্নীতির অভিযোগে বিধায়ক নিজেই পুলিশের হাতে তুলে দেন। আজকে সজল মুখার্জিকে তমলুক আদালতে তোলা হয়েছে।
ভোটের আগে থেকেই চন্ডিপুরে সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক হিসেবে কাজ করেছেন সজল মুখার্জি। ভোটে জিতে বিধায়ক হওয়ার পর সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক হিসেবে তিনি চন্ডীপুর বিধানসভা এলাকায় সমস্ত কিছু দেখভাল করতেন। গতকাল চন্ডিপুরে বিধায়কের অফিসে সোহম চক্রবর্তী নিজে তার আপ্তসহায়ক সজল মুখার্জিকে ডেকে পাঠান এবং সেখানেই তাকে চন্ডিপুর থানার পুলিশের হাতে তুলে দেন।
সোম চক্রবর্তী জানিয়েছেন দীর্ঘদিন ধরেই সজল মুখার্জির বিরুদ্ধে তাঁর কাছে বিভিন্ন অভিযোগ আসছিল। আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন অনেকে সজল মুখার্জির বিরুদ্ধে। এমনকি মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই সব অভিযোগ সোহম চক্রবর্তী পাওয়ার পরই তিনি সবদিক থেকে খোঁজখবর নিয়ে গতকাল সন্ধ্যাবেলা তার আপ্ত সহায়ক সজল মুখার্জিকে চন্ডীপুরে বিধায়ক কার্যালয়ে ডেকে পাঠান এবং সেখানেই চন্ডিপুর থানার পুলিশের হাতে তাকে তুলে দেন। তার বিরুদ্ধে সোহম চক্রবর্তী নিজে থানায় অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই চন্ডিপুর থানার পুলিশ সজল মুখার্জিকে গ্রেপ্তার করে। আজকে তাকে তমলুক আদালতে তোলা হয়েছে। আদালতে ঢোকার সময় সজল মুখার্জি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অবশ্য কিছু বলতে রাজি হননি।

