বিরোধীদের জুতো মারার নিদান দিলেন তৃণমূল নেতা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছাড়া অন্য দল ভোট চাইতে এলে জুতো মারার নিদান দিলেন তৃণমূলের এক জেলা নেতা। ঘাটাল সাংগঠনিক জেলার খড়গপুর দু’নম্বর ব্লকের পপরআড়া এক নম্বর অঞ্চলের বলরামপুরে তৃণমূলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মুখার্জি এই নিদান দেন। প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে এই নেতা বলেন, সামনের পঞ্চায়েত নির্বাচনে অন্য দলের নেতা কর্মীরা ভোট চাইতে এলে প্রথমে তাদের সাদরে আমন্ত্রণ জানিয়ে জুতো মারবেন এবং জিজ্ঞাসা করবেন তারা এতদিন কোথায় ছিলেন।

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের এই নেতার এই নিদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, ওদের নেতৃত্ব যেরকম কর্মীরা তো সেরকমই হবে।

জেলা পরিষদের সহ-সভাপতি তথা তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ মুখার্জি যে কথা বলেছেন দল তা অনুমোদন করে না। ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়েছে।

অজিত মাইতি বলেন, তবে এতে বিজেপির উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। কারণ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এ ধরনের বিতর্কিত মন্তব্য যখন তখন করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *