জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ জানুয়ারি: পথ দুর্ঘটনায় এক হনুমানের মৃত্যুর পর হিন্দু প্রথা মেনে বৈদিক রীতিতে সৎকার করার পর রীতিমতো পুরোহিত দেখে শ্রাদ্ধানুষ্ঠান করলেন জেলার ঘাটালের অজবনগরের শোকাহত বাসিন্দারা। রবিবার সকাল ৮ টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের অজবনগর গ্রাম সংলগ্ন চাতালের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিল হনুমানটি। ওই সময় দ্রুত বেগে যাওয়া একটি পণ্যবাহী লরি ধাক্কা মারলে গুরুতর জখম হয় হনুমানটি। স্থানীয় বাসিন্দারা চিকিৎসক ডেকে দিনভর চেষ্টা করলেও হনুমানটিকে বাঁচানো যায়নি। বিকেলের পর অজবনগর গ্রামের বাসিন্দারা সিদ্ধান্ত নেন হিন্দু রীতি নীতি মেনেই হনুমানটির সৎকার করা হবে। ডাকা হয় পুরোহিতকে। সৎকারের জন্য অর্থ জোগাড় শুরু করেন গ্রামবাসীরা।

পুরোহিত সঞ্জয় রায় জানান, হনুমানটির সদ্গতির দায়িত্ব আমাদের উপরেই পড়ে। তাই যাবতীয় ক্রিয়াকর্ম করেছি।
গ্রামবাসীরা বলেন, মৃত হনুমানের স্মৃতিতে তাঁরা একটি মন্দির নির্মাণের পরিকল্পনা করেছেন। সেজন্য তাঁরা চাঁদা সংগ্ৰহ করছেন। হনুমান ভগবান শ্রীরাম রূপে শক্তি ও সমৃদ্ধির প্রতীক। তার আরাধনার জন্য ওই মন্দির নির্মাণ করা হবে।

শ্রাদ্ধ অনুষ্ঠানের মূল হোতা গুণধর ঘটক হনুমানটিকে সমাধিস্থ করার পর সন্ধ্যাবেলা রীতিমত নাপিত ডেকে মাথা মুড়িয়ে শ্রাদ্ধশান্তি করেছেন। তিনি জানান, এরপর তাঁর কাজ হল হনুমানের স্মৃতিতে একটি মন্দির স্থাপন করা। গুণধর বলেন, এই অঞ্চলে মাঝে মধ্যেই হনুমানের দল আসে। রাজ্যসড়ক পেরতে গিয়ে যাতে তারা আর দুর্ঘটনার কবলে না পড়ে সেজন্য রাস্তায় স্বেচ্ছায় নজরদারিও করবেন।

