আমাদের ভারত, শিলিগুড়ি, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরাতে বামেদের দফতরে হামলা চালানো হয়। সেখানে ভাঙ্গচুর করার পাশাপাশি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। তৃণমূলও দাবি করেছে ত্রিপুরাতে বিজেপি সন্ত্রাস চালাচ্ছে। বুধবার এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাগডোগরাতে বলেন, ত্রিপুরাতে তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। তারা ত্রিপুরা নিয়ে যত কম বলবে তত ভালো।
কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, তৃণমূল ত্রিপুরাতে গিয়ে নাটক করে বাংলার নির্বাচন পরবর্তী হিংসার ঘটনাকে ঘুরিয়ে দিতে চাইছে। কিন্তু এসব করে কোনও লাভ হবে না। বামেদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বামেরা যা অভিযোগ করছে ত্রিপুরা নিয়ে তা সত্যি নয়। কেউ অভিযোগ করতেই পারে কিন্তু আমরা ভাঙ্গচুরের রাজনীতিতে বিশ্বাসী নই।
এদিকে বাংলায় উপনির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সকলের নজর রয়েছে ভবানীপুরের আসনের দিকে। কারণ এই আসনে প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপনির্বাচন নিয়ে নিশীথ প্রামাণিকের বক্তব্য, বাংলায় নির্বাচনের পরে তৃণমূলীরা যেভাবে সন্ত্রাস চালিয়েছে তারপর তাদের আর কিছু বলা উচিত নয়। তার জবাব তারা উপনির্বাচনেই পাবে। মানুষ নিজের চোখে দেখেছে তৃণমূলের সন্ত্রাস। তাই দুটো রাজ্যের বিধানসভা সহ বাংলার উপনির্বাচনেও আমাদের জয় নিশ্চিত। আর নির্বাচনের পরে যেভাবে সন্ত্রাস হয়েছে বাংলায় তার জন্যই রাষ্ট্রপতি শাসনের দাবি উঠে আসে। কারণ মানুষ ভীত সন্ত্রস্ত তাই তারা রাষ্ট্রপতি শাসনের পক্ষে রায় দিচ্ছে।

