ফের নমিনেশন জমা দেওয়া নিয়ে নলহাটিতে তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য

আশিস মণ্ডল, রামপুরহাট, ৯ সেপ্টেম্বর: “ব্লকে কেউ বিরোধী নেই। বিরোধীরা কেউ দৌড়ঝাঁপ করে নমিনেশন জমা দিতে যাবে না”। এভাবেই ফের পঞ্চায়েতের স্মৃতি উস্কে দিলেন তৃণমূলের নলহাটি ২ নম্বর ব্লক সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। যদিও এই হুমকির পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

বুধবার বিকেলে বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের কর্মীদের নিয়ে একটি সভার আয়োজন করে তৃণমূল। নবহিমাইতপুর গ্রামে অনুকূল আশ্রমে ওই সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন হাঁসন কেন্দ্রের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, দলের জেলা সাধরণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য সহ অনেকে। মূলত প্রতিবন্ধীদের চিহ্নিতকরণ করার উদ্দেশ্যে ওই কর্মী সভার ডাক দেওয়া হয়েছিল। বক্তব্য রাখতে গিয়ে বিভাসবাবু সমস্ত কর্মীদের বলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকার প্রতিবন্ধীদের চিহ্নিত করে তার তালিকা জমা দিতে হবে। এনিয়ে পরে কেউ আবেদন করলে তা নেওয়া যাবে না”। এরপরেই তিনি বলেন, “আমি জানি কেউ বিরোধী নেই। যে ক’জন আছে তারাও তৃণমূলে আসছে কিংবা আসবে। ফলে কেউ দৌড়ঝাঁপ করে নমিনেশন জমা দিতে যাবেন না। তবে আমাদেরও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যেতে হবে। মানুষের গ্রহণযোগ্য না হলে তাদের নমিনেশন দেওয়া হবে না। বিষয়টি অঞ্চলের চেয়ারম্যানরা দেখবেন”।

বিভাসবাবুর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। কারণ গত পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল সভায় এভাবেই উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। তার জেরে জেলায় অধিকাংশ এলাকায় বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি। কেউ কেউ মনোনয়ন জমা দিতে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারই প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছে বিরোধীরা।

হাঁসন বিধান সভার বিজেপির কো-কনভেনর হীরালাল দাস বলেন, “পশ্চিমবঙ্গ বিরোধী শূন্য হয়নি। বিজেপি একক ভাবে লড়াই করে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ফলে এবার পঞ্চায়েত নির্বাচনে আমরা লড়াইয়ের ময়দানে থাকব। দেখব ওদের কত বোমা বারুদ আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *