স্পেশাল ট্রেনের নামে ভাড়া বৃদ্ধি, রেলের সিদ্ধান্তের প্রতিবাদে পুরুলিয়ায় কংগ্রেসের হুঁশিয়ারি

সাথী দাস, পুরুলিয়া, ৯ সেপ্টেম্বর: “ফেসবুকের প্রচারের জন্য নয়, দাবি পূরণে ডিআরএম থেকে রেলমন্ত্রক পর্যন্ত যাবো” পুরুলিয়ায় হুঙ্কার দিয়ে কর্মীদের চাঙ্গা করতে উদ্যোগী হলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। আজ কয়েক দফা দাবি নিয়ে ঝালদা স্টেশনে ঝালদা শহর কংগ্রেসের উদ্যোগে একটি স্মারকলিপি কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি। সেখানেই বিষয়টি নিয়ে বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনকে উদ্দেশ্য করে বলেন, “আমরা ফেসবুকে ছবি ছাড়ার জন্য ডেপুটেশন দিই না। আমরা এই দাবি নিয়ে ডিআরএম থেকে রেলমন্ত্রক পর্যন্ত যাবো দাবি পূরণ না হওয়া পর্যন্ত।” এর কারণ হিসেবে তাঁর দাবি, একমাত্র কংগ্রেসই সাধারণ মানুষের কথা বোঝে অন্যরা নয়।

ঝালদা শহর কংগ্রেসের সহ সভাপতি বিপ্লব কয়াল তাঁদের আজকের কর্মসূচি প্রসঙ্গে জানান, ঝালদা স্টেশনে কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলাম।
যার মধ্যে উল্লেখযোগ্য দাবি হল কোভিড পরিস্থিতিতে যে সব ট্রেন বন্ধ ছিল সেগুলি চালু করতে হবে। এছাড়া ঝালদা স্টেশনে যে সব ট্রেনের স্টপেজ ছিল সেই সব ট্রেনের স্টপেজ পুনরায় দিতে হবে এবং স্পেশাল ট্রেনের নামে ভাড়া বৃদ্ধি করে সাধারণের পকেট ফাঁকা করা বন্ধ করতে হবে। এছাড়াও স্টেশনের উন্নতিকরণ সহ দাবিগুলো না মানা হলে বড় আন্দোলনে নামবে কংগ্রেস।

এদিন দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি যামিনী কান্ত মন্ডল, ঝালদা শহর সভাপতি অসীম সিনহা সহ শহর কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *