বিজেপিকে প্রতিহত করতে ত্রিপুরায় তৃণমূলকে পাশে চাইছে সিপিএম? ঊর্ধ্বতন নেতৃত্বের দিকে বল ঠেললেন সূর্যকান্ত

সাথী দাস, পুরুলিয়া, ৯ সেপ্টেম্বর: প্রতিবাদ হবে, প্রয়োজনে প্রতিরোধ হবে। ত্রিপুরায় দলীয় কার্যালয়ে আগুন, পার্টি কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এমনই বললেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র। আজ পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপরই ত্রিপুরায় ঘটনার প্রতিবাদে দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে মিছিলেও হাঁটেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন সূর্যকান্ত মিশ্র। ত্রিপুরার ঘটনার প্রতিবাদে সোচ্চার হন তিনি। প্রয়োজনে বিজেপিকে প্রতিহত করতে তৃণমূল কেও সঙ্গে নিতে রাজি আছেন সূর্যকান্ত মিশ্র, তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। এ রাজ্যে বিধানসভা ভোটের সময় তৃণমূল বিজেপি কে এক আসনে বসিয়ে নির্বাচনী লড়াই লড়েছিল সিপিএম। তারা বিজেমূল শ্লোগান দিয়ে দু’পক্ষকে আক্রমণ করেছিল। কিন্তু ভোট পরবর্তী সময়ে দলের চরম বিপর্যয় নিয়ে পর্যালোচনার পর তারা জানিয়েছিল তৃণমূলযে বিজেপির সঙ্গে এক আসনে বসানো ভুল হয়েছিল। এখন তৃণমূলকে বিজেপি থেকে আলাদাভাবেই দেখছে সিপিএম। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, ত্রিপুরায় বাম বুদ্ধিজীবীদের একটা বড় অংশ প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে রয়েছে। তারা প্রথম থেকেই পরামর্শসহ বিভিন্নভাবে তৃণমূলকে সাহায্য করছে। এই পরিস্থিতিতে সূর্যকান্ত মিশ্র ত্রিপুরায় বামেদের উপর আক্রমণ এর পরিপ্রেক্ষিতে তৃণমূলকেও সঙ্গে নিতে রাজি। তবে তিনি বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বের ওপরই ছেড়ে দিতে চান।

অন্যদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডি ডাকার বিষয়ে সূর্য কান্তের গলায় শোনা গেছে শ্লেষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, একটা মামলার তদন্ত এত সময় লাগে কী করে? মাঝে মাঝে একে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভোটের আগে চমক দেখিয়ে আবার চুপ। ফের মামলার নামে তদন্ত, জিজ্ঞাসাবাদ। সুপ্রিম কোর্ট, হাই কোর্ট বলছে এটা কী বিচার হচ্ছে? এটাকে জিইয়ে রাখতে চাইছে ওরা। এটা বিজেপি আর তৃণমূলের মেরুকরণ বলে তিনি মনে করেন। তিনি বলেন, অন্যদের দূরে রাখতেই এই কৌশল। তাঁর দাবি এসবই জিইয়ে রাখা হয়েছে। এগুলো মেরুকরণের রাজনীতি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *