স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ এপ্রিল: “সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পায়ের ফুটবল বানিয়ে রেখেছে তৃণমূল সরকার। না স্কুল দিয়েছে না চাকরি দিয়েছে। শুধু জেলে ভরেছে, বিজেপিকেও আটকাতে পারেনি এরা। মানুষকে ফুটবল বানিয়ে রেখেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নির্বাচনে জনতা জনার্দন তার জবাব দেবে”, তৃণমূলের খেলা হবে স্লোগান প্রসঙ্গে মিমের জনসভা শেষে এমন মন্তব্য করলেন মিমের সর্বভারতীয় সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।
বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রে অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলিম দলের প্রার্থী মোফাক্কেরুল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন দলের সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি। ইটাহার বিধানসভার বিধিবাড়ি ফুটবল মাঠে এক জনসভায় যোগ দেন তিনি। বিগত দশ বছরে তৃণমূল কংগ্রেস সরকার কিংবা বামফ্রন্ট সরকার এই রাজ্যে কোনও উন্নয়ন করেনি। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ জেলায় উচ্চশিক্ষা, কিংবা উন্নত স্বাস্থ্য পরিষেবার কোনও ব্যাবস্থা হয়নি। আমরা এখান থেকে বিধায়ক করার জন্য নির্বাচনে লড়াইয়ে নেমেছি। মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি অভিযোগ করে বলেন, শাসকদল তাদের ক্রমাগত শাসানি আর হুমকি দিয়ে চলেছে।

