আশিস মণ্ডল, বোলপুর, ৮ এপ্রিল: প্রচারে বেড়িয়ে জুতো ঝাঁটা দেখলেন বীরভূমের লাভপুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মন্ডল। এই জুতোর ঝাঁটা তার কাছে আশীর্বাদ নিয়ে আসবে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী। তবে ভোটের পর তৃণমূলকে মানুষ জুতো পেটা করবেন বলে তিনি হুমিকি দিয়েছেন।
আর পাঁচটা দিনের মতো এদিনও কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন লাভপুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। পাঁড়ুই অঞ্চলের দাসপাড়া গ্রামে ঢুকতেই তিনি দেখতে পান রাস্তায় মাথার উপর দড়িতে বাধা জুতো, ঝাঁটা। রাস্তার দুই ধারে দুটি খুঁটিতে দড়ি বেঁধে ওই জুতো ঝাঁটা ঝোলানো হয়েছে। দুই দিকে রয়েছে তৃণমূলের পতাকা। ফলে ওই সম্বর্ধনা যে তাঁর জন্যই অপেক্ষা করছিল তা বুঝতে অসুবিধা হয়নি বিশ্বজিৎবাবুর। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস এই নোংরা কর্মকান্ড করেছে। তবে আমি এই জুতো মাথায় নিয়ে প্রচার করবো গোটা লাভপুর বিধানসভা। মানুষ সুযোগ দিলে এই জুতো মাথায় নিয়ে পাঁচবছর মানুষের সেবা করে যাব। কিন্তু ভোটের পর এই ঝাঁটা জুতোই তৃণমূলের কাছে অভিশাপ হয়ে দাঁড়াবে। মানুষ ঝাঁটা জুতো নিয়ে তাড়া করবে তাদের”।

তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, “গ্রামবাংলার মানুষ কুনজর রুখতে ঝাঁটা জুতো ঝুলিয়ে রাখে। এক্ষেত্রেও হয়তো তাই করা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বিজেপি সস্তায় প্রচার পেতে এসব করছে। তাতে কোনও লাভ হবে না”।

