বাস মালিকদের নিয়ন্ত্রণে আনতে পূর্ব মেদিনীপুরে নতুন সংগঠন তৈরি করল তৃণমূল কংগ্রেস

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ নভেম্বর : পূর্ব মেদিনীপুরের বাস মালিকদের নিয়ন্ত্রণে আনতে তৃণমূলের উদ্যোগে তৈরি হলো নতুন সংগঠন। এই জেলায় একাধিক সংগঠন রয়েছে, কিন্তু তাদের ওপর তৃণমূলের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই বলে রাজনৈতিক মহলের বক্তব্য। তারওপর তৃণমূলের অভিযোগ, এইসব সংগঠনগুলো তলায় তলায় বিজেপিকে সাহায্য করছে, তাই এবার তারা নতুন সংগঠন তৈরি করে পুরো জেলার বাস মালিকদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করলো।

পূর্ব মেদিনীপুর জেলায় দীর্ঘদিন ধরে একাধিক বাস মালিক সংগঠন রয়েছে। সংগঠনগুলির সদস্যরা অধিকাংশই ছিলেন ডানপন্থী মনোভাবাপন্ন। তবে সংগঠনগুলিতে সেভাবে প্রভাব ছিল না তৃণমূল কংগ্রেসের। রাজ্যে ক্ষমতায় আসার পর সংগঠনগুলির সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ফলে সমস্যা তৈরি হয়।

তারওপর দীর্ঘদিনের সংগঠন পূর্ব মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বর্তমানে বিজেপিতে নাম লেখানোয় সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। অন্যদিকে বাস ব্যবসায়ী সমিতির সম্পাদক মারা যাওয়ায় সংগঠনটি অভিভাবকহীন হয়ে পড়েছে। তারপরেও তৃণমূল নেতৃত্বের অভিযোগ শাসকদলের দলের সুযোগ সুবিধা নিয়ে বিরোধীদের সহযোগিতা করে চলেছে এই সংগঠনগুলির সদস্যরা। এই ধরনের ব্যাপার যাতে আর না ঘটে তাই শাসক দলের নিয়ন্ত্রিত একটিমাত্র সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সেই মত বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি স্মৃতি সৌধে পূর্ব মেদিনীপুর ইউনিফায়েড বাস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। অনুষ্ঠান মঞ্চ থেকে এই জেলার বিধায়ক ও নেতৃত্বদের বক্তব্য থেকে উপরের কথাগুলোই উঠে এসেছে।
সম্মেলনের শুরুতেই সদ্যপ্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ও ১ মিনিটের নীরবতা পালন করা হয়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, এগরার বিধায়ক তথা তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুনকুমার মাইতি, কমিটির আহ্বায়ক শিবপ্রসাদ বেরা সহ অন্যান্যরা। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ কুমার মাইতি।

শাসক দলের প্রতীক নিয়ে অনেক ছোট ছোট সংগঠন তৈরি হয়েছে। তারা ভেতরে ভেতরে যাতে বিরোধী দল বিজেপিকে সাহায্য করতে না পারে ও দলের নিয়ন্ত্রণে বাস মালিকদের একটি সংগঠন থাকে তার জন্য দলের পক্ষ থেকে সকলকে এককরার চেষ্টা করা হচ্ছে বলে জানান নবগঠিত সংগঠনের দায়িত্ব প্রাপ্ত নেতৃত্বরা। সভার শেষ পর্বে সংগঠনের নতুন কমিটি ঘোষিত হয়েছে।

পূর্ব মেদিনীপুর ইউনিফায়েড বাস ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন শিবপ্রসাদ বেরা ও বিশ্বজিৎ ভূঁইয়া। যুগ্ম সম্পাদকদের উপস্থিত বাস মালিকদের পক্ষ থেকে সেক আব্দুল সমত ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। সংগঠনের কনভেনার হয়েছেন তাম্রলিপ্ত পৌরসভার কো-অর্ডিনেটর চন্দন (মানা) দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *