স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ নভেম্বর:
রেল গেটের বেহাল দশা তারওপর লাইন মেরামতির নামে রাস্তা খুঁড়ে করে রাখা হয়েছে। ফলে রেলগেট পারাপারের সময় নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। দীর্ঘদিন রেল দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে ট্রেন অনুরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলো সাধারণ মানুষ। নদিয়ার হবিবপুর রেল স্টেশন এর ঘটনা।
জানা গেছে, নদিয়ার হবিবপুর স্টেশন সংলগ্ন রাঘবপুর রেল গেটের কাছে দীর্ঘদিন ধরে রেল গেট এবং লাইন সারানোর জন্য রাস্তা খুরে রাখা হয়েছে। প্রায় এক মাস রাস্তা খারাপ থাকার কারণে রেললাইনের পারাপারের সময় সাধারণ মানুষ পড়ে গিয়ে নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছে। লাইনের উপরে পড়ে কারোর হাত পা কেটে গেছে এবং ভেঙ্গে গেছে বলে অভিযোগ। শুধু তাই নয় ট্রেন চলে যাওয়ার পরও দীর্ঘক্ষন রেলগেট ফেলে রাখা হয় বলে অভিযোগ। সাধারণ মানুষের দাবি কোনঈ বড় গাড়ি পারাপার হতে পারেনা ওই গেট দিয়ে। একাধিকবার রেল দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। সেই কারণেই এ দিন ওই এলাকার মানুষ ট্রেন অবরোধ করে প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ দেখাতে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। অতি শীঘ্রই রেললাইনের গেটের সম্প্রসারণ করে সাধারণ মানুষের যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা করার আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ তুলে নেয় তারা। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে যাতায়াতের সুব্যবস্থা না করলে আগামী দিনে আবারো বিক্ষোভের পথে নামবে তারা।

