সাথী দাস, পুরুলিয়া, ২১ ফেব্রুয়ারি: দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দিয়ে একই মোটর সাইকেলের তিন আরোহীর মর্মান্তিক মৃত্যু হল। পুরুলিয়ার বরাবাজারের সিন্দ্রি গ্রামে আজ রাতে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, ওই এলাকায় একটি লরি থেকে বালি খালি করা হচ্ছিল। বালি বোঝাই লরিটি রাস্তার উপর দাঁড়িয়েছিল। উল্টো দিক থেকে দ্রুত গতিতে থাকা ওই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে সজোরে ধাক্কা মারে। মোটরবাইকটির গতি এতটাই ছিল যে তিন আরোহীর মাথায় ধাক্কা খেয়ে রক্ত ক্ষরণ হয়। ধাক্কায় ছিটকে লরির দুটি চাকার মাঝে আটকে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয়ভাবে জানা গিয়েছে মৃত তিন যুবকের নাম বিবেক মাহতো, রাহুল পরামানিক ও দোলগোবিন্দ মাহাতো। তাঁদের মধ্যে দুজনের বাড়ি জোরগড়িয়া এবং বাকি এক জনের বাড়ি জাদুরডি গ্রামে।

