জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গ্রুপ আমারকার ভাষা আমারকার গর্ব-র উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোমবার ঘড়ধরা-রামেশ্বর ঘাটে সুবর্ণরেখা নদী বক্ষে নৌকার উপরে এবং নদীর চরে খোলা আকাশের নীচে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি আলোচনা এবং কবিতা পাঠের আসর বসেছিল।

সাহিত্যিক নলিনী বেরার উপস্থিতিতে এদিন বিশ্বজিৎ পাল সম্পাদিত সুবর্ণরৈখিক সাহিত্য পত্রিকা “সাঁকরাত”এবং সৈকত আলিসা সম্পাদিত সাহিত্য পত্রিকা “শঙ্খজান” প্রকাশিত হয়। পত্রিকা দুটির প্রকাশক অনিমেষ সিংহ। আনন্দ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক নলিনী বেরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশপাশের এলাকা এবং জামশেদপুর, দাঁতন সহ অন্যান্য এলাকার অন্যান্য বিশিষ্ট ভাষাপ্রেমী ব্যক্তিরা।


