“নিজের ঘর সামলাতে পারছে না, তিনি আবার অন্যের বাড়ি ঝাড় দেবার স্বপ্ন দেখছেন,” আনিস খানের মৃত্যু নিয়ে মমতাকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ ফেব্রুয়ারি: “নিজের ঘর সামলাতে পারছেন না, তিনি আবার অন্যের বাড়ি ঝাড় দেবার স্বপ্ন দেখছেন,” রাজ্যে পুলিশি অব্যবস্থার বিরুদ্ধে সরব হয়ে আনিস খানের মৃত্যু নিয়ে মমতাকে এভাবেই কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। সোমবার বালুরঘাটে নিজের এলাকায় পৌঁছে পুরভোট নিয়ে ২২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন সুকান্ত মজুমদার।

তাঁর কথায়, তাদের মতাদর্শের বিরোধী হলেও আনিস খান নামে ওই ছেলেটিকে ছাদ থেকে ফেলে দিয়ে পুলিশ মেরে ফেলেছে। তারপর আমাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী রাজ্যে রাজ্যে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে। সে প্রসঙ্গেই তিনি বলেন, নিজের ঘর সামলাতে পারছেন না আর অন্যের বাড়ি ঝাড় দেবার স্বপ্ন দেখছেন।

শুধু তাই নয়, এদিন রাজ্যজুড়ে চলা ১০৮ টি পুরসভার পুরভোট নিয়েও মমতাকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, অ্যাডভান্স টেকনোলজির যুগে মুখ্যমন্ত্রী নিজেও অ্যাপেলের অ্যাডভান্স টেকনোলজির মোবাইল ব্যবহার করছেন, আর সেখানে ইভিএম কেন অ্যাডভান্স টেকনোলজির হবে না। ইভিএমের ক্ষেত্রে কেন রাজ্য সরকার পুরনো মডেলের ইভিএম ব্যবহার করতে চাইছেন সে প্রশ্ন তুলে সরব হয়েছেন তিনি। তাঁর কথায় অ্যাডভান্স টেকনোলজির ইভিএম যেগুলো বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ব্যবহার হয় সেগুলি দিয়ে নির্বাচন করলেই স্বচ্ছতা বজায় থাকবে পুরভোটে।

এদিন বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রার্থী শান্তনু চৌধুরীর হয়ে ভোট প্রচার সারেন সুকান্ত মজুমদার। নিজের এলাকায় নিজস্ব কায়দায় দলীয় কর্মীসমর্থকদের নিয়ে একপ্রকার দাপিয়ে বেড়ান তিনি।

সাংবাদিক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিজের জন্মস্থান যেখানে, আজ সকাল থেকে সেই এলাকাতেই ভোট প্রচার করছেন। বালুরঘাট পৌরসভা জিতিয়েই তিনি কলকাতায় ফিরবেন। শুধুমাত্র তার নিজের ওয়ার্ডেই নয় বালুরঘাটের বিভিন্ন এলাকায় বিজেপির ব্যাপক সাড়া রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *