হিজাব বিতর্কের মধ্যেই কর্ণাটকে খুন বজরং দলের সদস্য, উত্তেজনা এলাকায়, জারি ১৪৪ ধারা

আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি:হিজাব বিতর্কের মধ্যেই হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের এক কর্মী খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কর্নাটকের শিবমোগায়। এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ স্কুল কলেজ।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে নটা নাগাদ খুন হন বজরং দলের যুব কর্মী হর্ষ। বছর ২৬এর হর্ষ পেশায় দর্জি ও বজরং দলের সামনের সারির কর্মী হিসেবে এলাকায় পরিচিত। জানাগেছে, ওই দিন রাতে কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরি চালিয়ে পালিয়ে যায়। ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরই শিবমোগা শহরে একাধিক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে খবর। এমনকি বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

কর্নাটকের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা বলেছেন, হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই হত্যাকাণ্ড হয়েছে। এতে প্ররোচনা দেওয়ার জন্য কংগ্রেসের কর্ণাটক প্রধান ভি কে শিবকুমারকে দায়ী করেছেন তিনি। মন্ত্রী বলেন, হর্ষ খুব ভালো কর্মী ছিলেন। একজন সৎ যুবক। গত রাতে মুসলিম গুন্ডারা তাঁকে হত্যা করেছে।”

যদিও কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন চলতি হিজাব বিতর্কের সঙ্গে এই বিষয়টি জড়িত নয়। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তদন্ত চলছে খুব শীঘ্রই দোষীরা গ্রেফতার হবে।

পুলিশ সূত্রে খবর, খুনের তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় রাফ নামানো হয়েছে। এই খুনের ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন জড়িত বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীও এই খুনের ঘটনার তদন্তের গতি প্রকৃতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *