কার্টুন বিতর্ক! বিরোধী শিবিরের বিড়ম্বনা বাড়িয়ে পুরনো ইস্যু উস্কে বালুরঘাটে ফ্লেক্স লাগালো বিজেপি, “সামজদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়,” বললেন সুকান্ত

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ ফেব্রুয়ারি: বিরোধী শিবিরের বিড়ম্বনা বাড়িয়ে পুরোনো ইস্যু উস্কে কার্টুন বিতর্ক বালুরঘাটে। সোমবার সকালে বিজেপির তরফে লাগানো একাধিক কার্টুনের ফ্লেক্সকে ঘিরে শহরের ২২ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে জোর বিতর্ক। বিজেপির লাগানো কার্টুনের ওই ফ্লেক্স কাদের উদ্দেশ্যে ঝোলানো হয়েছে তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে গোটা বালুরঘাট শহরে। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, “সামজদারো কে লিয়ে ইশারা কাফি হ্যায়। ”

বালুরঘাটের পুরভোটে ২৫ টি ওয়ার্ডের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন শহরের ২২ নম্বর ওয়ার্ড, যা বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের খাসতালুক বলেই পরিচিত। কেননা ওই ওয়ার্ডেই ছোট থেকে বড় হয়েছেন সুকান্তবাবু। আর সেখানেই এবারের পুরো নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে এলাকার শিক্ষক শান্তনু চৌধুরী। অন্যদিকে সেই ওয়ার্ডেই তৃণমূলের প্রার্থী হয়েছেন বালুরঘাটের প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর পুত্রবধূ তথা মহিলা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। পিছিয়ে নেই বামেরাও, এলাকার মানুষের সাথে জনসংযোগকারী মানুষ হিসেবে চিহ্নিত আরএসপি প্রার্থী কাজল চক্রবর্তী কেই এবারে ওই আসন থেকে টিকিট দিয়েছে বামেরা। যাকে ঘিরে ত্রিমুখী লড়ায়ে বেশ জমজমাট হয়ে উঠেছে শহরের ২২ নম্বর ওয়ার্ড টি। গত বিধানসভা নির্বাচনে সামান্য ভোটে ওই আসনে তৃণমূল এগিয়ে থাকলেও এবারের পুরভোট যথেষ্টই তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন অনেকেই। কেননা নির্বাচনে লড়ার জন্য স্থানীয় নেতৃত্বরা পুরভোটের বহুদিন আগে থেকে নিজেদের ঘর গুছিয়ে রাখলেও এবারে ওই ওয়ার্ডে বহিরাগত প্রার্থী দিয়েছে তৃণমূল, যাকে ঘিরে চাপা ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ সহ স্থানীয় নেতৃত্বত্বের একাংশ। আর তারই মাঝে শহরের এক পুরনো ইস্যুকে কার্টুনের আকার দিয়ে ওই ওয়ার্ডে প্রচারের হাতিয়ার বানিয়েছে বিজেপি।

সোমবার সকালে ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ঝোলানো কার্টুনের সেই ফ্লেক্সকে ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। যেখানে দেখা যাচ্ছে একটি দ্বিতল বাড়ির বারান্দায় একজন বয়স্ক মানুষ চেয়ারে পা দিয়ে আরাম করছেন, পাশেই দাঁড়িয়ে রয়েছেন একজন ভদ্রমহিলা। নীচে দরজার বাইরে দাঁড়িয়ে গুটিকয়েক মানুষ চোখের জল নিয়ে উপরের দিকে তাকিয়ে রয়েছে, আর তাদের তাড়া করতে গেট খুলে ছুটে আসছে একজন পুলিশ ও একটি হিংস্র কুকুর। যার উপরে লেখা রয়েছে, “এই পরিস্থিতির শিকার কি আপনিও হতে চান?”

বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ড জুড়ে লাগানো এই ফ্লেক্সকে ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। উল্লেখ্য বেশ কয়েকবছর আগে শহরের হালদার পাড়া এলাকার দুই বাসিন্দা রাতের অন্ধকারে তৎকালীন এক মন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিলেন, যার অপরাধে পুলিশ তাদের গ্রেপ্তার করে জামিন অযোগ্য ধারায় মামলা রজু করেছিল। যদিও সেইসময় পুলিশের হাতে ধরা পড়া হালদারপাড়া এলাকার দুই বাসিন্দার বক্তব্য ছিল, উকিলের বাড়ি খুঁজতে এসে ভুল উকিলের বাড়িতে ঢুকে পড়েছিলেন। সামান্য এই অপরাধেই তাদের জেল খাটতে হয়েছে। বিজেপির লাগানো কার্টুনের সেই ফ্লেক্স ওই ঘটনাকেই যেন কিছুটা উস্কে দিয়েছে বলেই মনে করছে এলাকার রাজনৈতিক মহল। যদিও এই ঘটনাকে তেমন আমল দিতে চাননি ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী।

তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী বলেন, কর্মীদের মুখ থেকে কিছু ফ্লেক্স লাগানোর ঘটনা শুনেছেন। যেখানে তাঁর নামও নেই ছবিও নেই। এলাকার মানুষ খুব ভালো করেই তাঁকে চেনে, তাঁর বিরুদ্ধে এরকম তকমা কেউ লাগাতে পারবে না।

বিজেপির রাজ্য সভাপতি তথা এলাকার বাসিন্দা সুকান্ত মজুমদার জানিয়েছেন, হিন্দিতে একটা কথা রয়েছে, “সামজদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়,” যারা বালুরঘাটের মানুষ তারা এর আগে অনেক কিছু দেখেছেন, উনারা এই কার্টুন দেখলেই বুঝে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *