নিজেই ঢাক বাজিয়ে প্রচার শুরু করলেন করণদিঘির তৃণমূল প্রার্থী

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২ এপ্রিল: অন্যান্য উৎসবের মতো ভোটও এখন একটি উৎসব। প্রতিটি উৎসবে যেমন ঢাক বাজিয়ে পুজো শুরু হয় তেমনি গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট উৎসবের প্রচারেও এখন ঢাকের বাজনা জায়গা করে নিয়েছে। এই ঢাক বাজিয়ে ভোট উৎসবের প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল। তিনি নিজেও কাঁধে ঢাক নিয়ে বাজাতে বাজাতে ভোটের প্রচার করলেন। সঙ্গী সহধর্মিণী তথা উত্তর দিনাজপুর জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল আর অগনিত তৃণমূল কর্মী সমর্থক।

বিজেপির কেন্দ্রীয় নেতারা কোনও জায়গায় প্রচারের আগে এমনকী জনসভা থাকলেও সেই এলাকার মন্দিরে পুজো দিয়ে কাজ শুরু করেন। এখন এই রেওয়াজ অন্যদলেও চালু হয়েছে। সেইমত করণদিঘী বিধানসভার টুঙিদিঘী এলাকায় বিভিন্ন দেবদেবীর মন্দিরে গিয়ে ঢাক বাজিয়ে আরাধনাও করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল। তাঁর এই অভিনব প্রচার ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা সদর প্রশাসনিক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। তারপর বিধানসভা কেন্দ্রে গিয়ে ঢাক বাজিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন প্রার্থী গৌতম পাল। ঢাকের বাদ্যি দিয়ে মন্দিরে আরাধনা করার পর, ভোটের প্রার্থনা করলেন। জানালেন, আজ মনোনয়নপত্র জমা দিয়েছি, তাই আজকের এই শুভ দিনে আমি আমার বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় মা বোন ও যুবক ভাইদের নিয়ে প্রচার শুরু করলাম। ঢাকের বাদ্যি দিয়েই যেকোনও উৎসবের সূচনা হয়, আর ভোট হল গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব তাই ঢাক বাজিয়েই এই ভোট উৎসবের প্রচার শুরু করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *