সুবর্নরেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ায় ঢুকল হাতি, ত্রস্ত জনপদ

সাথী দাস, পুরুলিয়া, ১ এপ্রিল: নদীর জল কমতেই ওপার থেকে হাতি আসতে শুরু করল পুরুলিয়ায়। আজ সকালেই সুবর্নরেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ায় ঢুকল হাতির দল। প্রাথমিকভাবে দুটি হাতি দেখতে পেয়েছেন গ্রামবাসী। বাঘমুন্ডি থানার ঝাড়খণ্ড লাগোয়া তুন্তুরি সুইসা অঞ্চলের গাগীগ্রামে সকাল সকাল ঝাড়খণ্ড থেকে আসা দুই হাতির আতঙ্কে রয়েছেন এলাকার কৃষকরা। ফি বছর হাতি এসে ফসল সবজির ক্ষেত নষ্ট করে দেয়। ক্ষতিগ্রস্ত হন গ্রামবাসী। কাঁচা বাড়ি ভেঙ্গে খাবার খোঁজে ক্ষুধার্ত গজের দল। রাস্তায় মুখোমুখি হয়ে প্রাণ যায় নিরীহ পথিকের। ছুটে পালাতে গিয়ে আহতও হন অনেকে। স্বভাবতই হাতি এলেই দুশ্চিন্তায় পড়ে বনদফতর।

আজ সুইসা অঞ্চলে হাতি দেখা যেতেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী জনপদগুলিতে। স্থানীয় বাসিন্দা নরোত্তম কুইরী জানান, গত তিন চার মাস আমাদের এলাকায় হাতি দেখা যায়নি। কিন্তু আজকে সকাল বেলায় হঠাৎ ঝাড়খন্ড থেকে সুবর্ণরেখা নদী পার করে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছোট্ট জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে হাতি। তিনি আরও জানান, তাড়ানোর জন্য কালিমাটি বন দফতরে খবর দেওয়া হয়েছে। বনদপ্তর ওই হাতির দলটির গতিবিধি নজরে রাখছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *