সুন্দরবনে বাঘে তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে

আমাদের ভারত, গোসাবা, ৪ সেপ্টেম্বর: গত বৃহস্পতিবার সকালে বাঘের সাথে লড়াই করে সুদর্শন সর্দার নামে এক মৎস্যজীবীকে উদ্ধার করেছিলেন তাঁর সঙ্গীরা। কিন্তু শনিবার সকালে দুই সঙ্গীর সামনে থেকেই দ্বারিক মন্ডল(৬৬) নামে এক মৎস্যজীবীকে তুলে নিয়ে যায় বাঘ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বসিরহাট রেঞ্জের ঝিলা ৩ নম্বর জঙ্গলের হরিখালি বামনের খাল এলাকায়।

এদিন সকালে লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের বাণীখালি এলাকা থেকে তিন মৎস্যজীবী নিজেদের ডিঙি নৌকা নিয়ে মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিলেন সুন্দরবনের জঙ্গলে। ঠিক সকাল ৬.১৫টা নাগাদ যখন তাঁরা জঙ্গলে নেমে কাঁকড়া ধরছিলেন, তখন একটি বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে দ্বারিকের উপর। ভয়ে ঘটনাস্থল থেকে প্রাণপণে দৌড় লাগান তাঁর অন্য দুই সঙ্গী। কার্যত বিনা বাঁধায় শিকার ধরে নিয়ে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে গা ঢাকা দেয় বাঘটি।

বেলায় নৌকাটি নিয়ে সুমিত্রা ও সন্তোষ গ্রামে ফিরে আসেন। তাঁদের কাছে ঘটনার কথা শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বন দফতর সূত্রের খবর, এই তিন মৎস্যজীবী বৈধ অনুমতি পত্র নিয়েই মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু জঙ্গলে নেমে কাঁকড়া ধরার ক্ষেত্রে কোনও অনুমতিই দেওয়া হয় না বলে দাবি বন দফতরের। সঠিক কি ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করছে বন দফতর। পাশাপাশি নিখোঁজ মৎস্যজীবীর খোঁজেও তল্লাশি শুরু করেছে তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *