আমাদের ভারত, শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বর: রাতভর টানা বৃষ্টির জেরে কালিম্পং ও দার্জিলিং জেলার একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে। আর শনিবার সকালে কালিম্পংয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। দুই জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৫ টি বাড়ি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই দুই জেলায়।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কালিম্পংয়ের পেডংয়ের থেকে ১৫ কিলোমিটার দূরে কাঠারে নামক ওই গ্রামে বড়সড় ধসের ঘটনা ঘটে। আচমকা ধস নামায় তাতে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম বীর বাহাদুর মঙ্গর (৭৫)।
গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ জুড়ে টানা বৃষ্টিপাত হচ্ছে। গতকাল কালিম্পং জেলায় সারাদিন ধরে চলেছে বৃষ্টি। বিশেষ করে কালিম্পংয়ের লাভা, লোলেগাঁও অঞ্চলে প্রত্যেক বছরই বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে ধসের ঘটনা ঘটে। গত কাল রাতের প্রবল বৃষ্টিপাতের ফলে কালিম্পং মহাকুমার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠরেতে নেমে আসে বিরাট ধস। সকালে ওই ধসের ফলে একটি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকায় বীর বাহাদুর মঙ্গরের তৎক্ষণাৎ ধসে চাপা পরে মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। দ্রুত ধস সরিয়ে মৃতের রক্তাক্ত দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ধস সরানোর কাজে হাত দিয়েছে প্রশাসন কিন্তু বৃষ্টিপাতের জন্য তাদের এই কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কালিম্পং জেলা পুলিশের ডিএসপি (সদর) যুগল চন্দ্র বিশ্বাস বলেন, “এদিন সকালে খবর মেলে ধসে চাপা পরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধসপ্রবণ এলাকা থেকে বেশ কিছু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”

