আমাদের ভারত, জলপাইগুড়ি, ৫ জুন: সাধারণ মানুষের একাংশের মধ্যে সচেতনার অভাব, আর এই কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। পরিবেশকে সুস্থ রাখতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, এই কারণে জলপাইগুড়ির তিস্তা এক নম্বর স্পার এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করে এই বার্তা তুলে ধরল নেচার এন্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি।

অন্যদিকে ‘গাছ লাগাও, পরিবেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসে প্রচার করা হল। ওই এলাকায় বৃক্ষ রোপন করা হল উদ্যোক্তাদের তরফ থেকে। জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন এক নম্বর স্পার এলাকা শহরবাসীর কাছে গুরুত্বপূর্ণ। এই এলাকায় যেমন সকালে শরীরচর্চা করতে অনেকেই আসেন, তেমনি ঘুরতেও আসেন অনেকে। অবসর সময়ে হাঁটাহাঁটি, আড্ডা এবং বিনোদনের জন্যই তিস্তার স্পার পরিচিত। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে কিছু দায়িত্বজ্ঞানহীন মানুষ প্লাস্টিকের মোড়ক, প্লাস্টিকের বোতল, অ্যালুমিনিয়াম ফয়েল এবং কাঁচের বোতলের মতো সামগ্রী ফেলে নোংরা করছেন ও পরিবেশ নষ্ট করছেন। প্রতিদিন কারও পক্ষে এই এলাকা নিয়মিত পরিষ্কার করা সম্ভব নয়। একমাত্র সাধারণ মানুষ সচেতন হলে পরিবেশ বাঁচবে বলে জানালেন
নেচার এন্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ভাস্কর দাস।


