রাজেন রায়, কলকাতা, ২৮ ডিসেম্বর: কলকাতার মেয়র হিসাবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। এই নিয়ে দ্বিতীয়বার মেয়র হিসাবে শপথ নিলেন ফিরহাদ। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রধান লক্ষ্য, শপথ নিয়ে ফের স্পষ্ট করে দিলেন তিনি।
অন্যদিকে পুরসভার চেয়ারপার্সন হিসাবে শপথ নিলেন মালা রায়। পুরসভার ভিতরেই মঞ্চ তৈরি করে এই শপথ পর্ব অনুষ্ঠিত হয়। এদিন শপথ নেন মেয়র পারিষদের সদস্যরাও। তবে ফিরহাদ হাকিম এবং মালা রায়ের শপথ গ্রহণ করান প্রোটেম স্পিকার রাম পেয়ারে রাম। বাকি মেয়র পারিষদদের শপথ গ্রহণ করান খোদ মেয়র ফিরহাদ হাকিম।
শপথ নেওয়ার পর ফিরহাদ হাকিম বলেন, ‘টিম কর্পোরেশন’কে বিশ্বের সেরা শহর হিসাবে কলকাতাকে তুলে ধরতে হবে। ফিরহাদ হাকিমের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা করে এই বোর্ড গড়েছেন। এই বোর্ডকে মনোনীত করেছেন। আমরা টিম কর্পোরেশন অর্থাৎ চেয়ার পার্সন মালা রায়ের সঙ্গে আমরা সবাই, সব কাউন্সিলররা একটাই শপথ নেব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রত্যাশা মানুষকে সেবা দেওয়ার, কলকাতাকে বিশ্বের সেরা শহর করার, সেটা আমরা বাস্তবায়িত করব। মানুষকে এমন জায়গায় সেবা দিতে হবে, যাতে মানুষ বলেন এই বোর্ড শ্রেষ্ঠ বোর্ড। আমি নিশ্চিতভাবে মেয়র। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কেউ প্রশাসনিক বিরাট পদে নয়। আমরা সবাই সেবক এবং প্রধান সেবকের নাম ফিরহাদ হাকিম। আমরা সকলে মিলে কাজ করব।”
ফিরহাদ হাকিম বলেন, “মানুষের কাছে যখন ডাকি তখন পাই কাউন্সিলর যদি হতে পারেন, সেই কাউন্সিলর কিন্তু মানুষের বিচারে শ্রেষ্ঠ কাউন্সিলর। এটাই আজকের দিনে আমার করজোড়ে সকলের কাছে অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এ জন্যই আমাদের দায়িত্ব দিয়েছেন। সেই মর্যাদা আমাদের রাখতেই হবে।”

