আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: জনগণের ভোটে নয়, ছাপ্পায় ফিরহাদ হাকিম কলকাতা কর্পোরেশনের মেয়র হলেন। ছাপ্পাশ্রী পুরস্কারের জন্য
মুখ্যমন্ত্রী’কে অনুরোধ করবো নন্দীগ্রামে হনুমানজীর পুজোয় এসে এই কথাগুলি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ হনুমানজীর পুজোর উদ্বোধন করতে নন্দীগ্রামে আসেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এসে সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী গঙ্গাসাগর মেলায় মুখ্যমন্ত্রীর সবরকম সাহায্যের আশ্বাস নিয়ে কটুক্তি করলেন। তিনি বলেন, গতবছর মুখ্যমন্ত্রী বলেছিলেন ভারত সেবাশ্রমের এই লোক গুলো দাঙ্গা করে। ভারতসেবাশ্রম সংঘের দিলীপ মহারাজজীকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ভারত সেবাশ্রম সংঘ কিছু ভালো কাজ করে আবার দাঙ্গাও করে। গোটা দেশের লোক লাইভে সেটা শুনেছে ও দেখেছে।

শুভেন্দু অধিকারী এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, আজকের দিনে নন্দীগ্রামের মানুষ রক্তাক্ত নন্দীগ্রাম দেখেছিল। বাসে করে এই হনুমান মন্দিরের পুজো দেখতে আসার সময় তিনটি বাসের ভক্তদের ব্যাপক মারধর করেছিল, ছুটিয়েছিল রক্তাক্ত করেছিল যারা এখন তাদের দেখা যায় না। এটা ভগবানের মার হনুমানজীর মার। হনুমানজীর পুজোর উদ্বোধন করার আগে তিনি একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।

