কোভিড আক্রান্ত সৌরভ গাঙ্গুলির ফোনে খবর নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী দপ্তর থেকেও নেওয়া হয়েছে খোঁজ খবর

আমাদের ভারত, ২৮ ডিসেম্বর:মঙ্গলবার সকালেই দুঃসংবাদ পেয়েছে রাজ্যবাসী। কোভিড আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সোমবার রাতে তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন‌ করা হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও।

মহারাজের ভাইরাস লোড বা সিটির ভ্যালু ১৯.৫। যার যথেষ্ট উদ্বেগজনক। ইতিমধ্যেই তার জন্য তিন সদস্যের মেডিকেল টিম গঠন হয়েছে। সৌরভের খবর জানতে পেরেই তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত সৌরভের জন্য আরোগ্য কামনা করেছেন তিনি। রাজ্য সরকার সরকারের তরফ যে কোনরকম সাহায্যের প্রয়োজন হলে হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করা হয়েছে।

রবিবার থেকে সর্দি জ্বর ছিল বিসিসিআই সভাপতির। চিকিৎসক সপ্তর্ষি বসুর পরামর্শে করোনা পরীক্ষা হয় তার। রিপোর্টে পজিটিভ ধরা পড়ে। চলতি বছরের গড়াতেই হার্টে তিনটি স্টেন্ট বসেছিল মহারাজের। তাই কোন রকম ঝুঁকি না নিয়ে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল। মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি হয়েছে তার। জ্বর বা শ্বাসকষ্ট নেই। স্বাদ গন্ধ পাচ্ছেন। ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া রয়েছে সৌরভের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *