আমাদের ভারত, ৩ ফেব্রুয়ারি: “পাড়ায় শিক্ষালয় নয়, অবিলম্বে প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্যও বিদ্যালয়ে পঠন-পাঠন চালু করতে হবে।”
বৃহস্পতিবার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ইউইউপিটিএডব্লুএ) সম্পাদক সন্দীপ ঘোষ এই প্রতিবেদককে জানান, “এই দাবি নিয়ে আমাদের সংগঠন রাস্তায় নেমে আন্দোলন যেমন করছে ঠিক তেমনি আদালতের দ্বারস্থ হয়েছে। শিশুদের পাড়ায় বিদ্যালয়ের মাধ্যমে পঠন পাঠন হলে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে হবে না কেন? মূলত এই অভিযোগ নিয়েই এবং দ্রুত প্রাথমিক স্কুল খোলার দাবি নিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ হাইকোর্টে ফাইলের মাধ্যমে জনস্বার্থ মামলায় যুক্ত হলাম। শিক্ষাঙ্গন বন্ধ করে শিক্ষার্থীদের সাথে প্রহসন ও শিক্ষাকে বেসরকারিকরণের চক্রান্তকে আমরা ব্যর্থ করবোই। তার জন্য লড়াইয়ের সব পথেই আমরা হাঁটব।”
প্রসঙ্গত, গত দু’বছর ধরে করোনার জেরে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। ভরসা ছিল সেই অনলাইল ক্লাস। তবে বার দুয়েক খুললেও ফের করোনার দাপটে বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল। তবে আবারও স্কুল খোলায় আনন্দিত সকলে। প্রতিটি স্কুলে দেখা গিয়েছে সচেতনতার ছবি।

