আমাদের ভারত, ৩ ফেব্রুয়ারি: অবিলম্বে সমস্ত শ্রেণির জন্য স্কুলের দরজা খুলে দেওয়ার দাবি তুললেন সারা বাংলা সেভ এডুকেশন কমিটির সম্পাদক ডঃ তরুণ নস্কর। বৃহস্পতিবার প্রাক্তন সাংসদ, এসইউসি’র সম্পাদকমন্ডলীর সদস্য তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তরুণবাবু এই প্রতিবেদককে জানান, “আজ থেকে ৮ম শ্রেণি থেকে দ্বাদশ এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হল। খুবই খুশি হয়েছি। পড়ুয়ারাও আবার অনেকদিন পর শ্রেণিকক্ষের মুখ দেখে উৎসাহিত। যেন তারা আবার প্রাণ ফিরে পেল।
ছাত্র-ছাত্রী-অভিভাবক-শিক্ষকদের দীর্ঘ আন্দোলনের ফলে তা সম্ভব হল। একইসাথে ১ম থেকে ৭ম শ্রেণি পর্যন্তও যদি শুরু হত তাহলে আমাদের আরো ভালো লাগত। আমরা দাবি করছি, পাড়ায় শিক্ষালয় জাতীয় প্রহসন ছেড়ে সরকার অবিলম্বে সমস্ত শ্রেণির জন্য স্কুলের দরজা খুলে দিক।”

