দোষী মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি যাদবপুরের শিক্ষক নেতার

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৮ মে: এসএসসি’র নিয়োগ নিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মন্ত্রী পরেশ অধিকারীকেও ভর্ৎসনা করা হয়েছে। এই অবস্থায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা শিক্ষক নেতা, প্রাক্তন বিধায়ক ডঃ তরুণকান্তি নস্কর।

বুধবার তিনি এই প্রতিবেদককে জানান, ”শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে যেভাবে তৃণমূলের মন্ত্রী, নেতারা যুক্ত আছেন তা থেকে বোঝা যায় এই সরকার আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। এই দেশে, এই রাজ্যে নতুন চাকুরির কোনো সুযোগ নেই। যতটুকু ছিল এই শিক্ষকতার চাকুরিতে। সেখানে পরীক্ষা না দেওয়া, মেধা তালিকায় নাম থাকা প্রার্থীরা হয় প্রভাব খাটিয়ে না হয় ঘুস দিয়ে চাকুরির ব্যবস্থা করছেন তা অত্যন্ত লজ্জার। এমনকি শিক্ষা মন্ত্রীরও নাম জড়িয়ে যাচ্ছে। বেআইনী সকল নিয়োগকে বাতিল করে অবিলম্বে সফল যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হোক। এই কাজে যুক্ত দোষী ব্যক্তি তিনি যত প্রভাবশালীই হোন না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক।”

প্রসঙ্গত, মন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলার নির্দেশে স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পরেশবাবু। বুধবার দুপুরে মামলাটি ওঠে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে। কিন্তু মামলাটি শেষপর্যন্ত গ্রহণ করেনি ওই বেঞ্চ। আর, এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই দফতরে হাজিরা এড়ানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে‌র ডিভিশন বেঞ্চে আবেদন জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *