আমাদের ভারত, শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি: মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে নির্বাচিত কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠান। ওই দিন দার্জিলিং’য়ের জেলাশাসক এস পুন্নমবলম শপথ বাক্য পাঠ করাবেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল অগরওয়াল।
শিলিগুড়ি পুরনিগম প্রথমবার দখল করেছে তৃণমূল কংগ্রেস। ৪৭ টি ওয়ার্ডের মধ্যে ৩৭ টি ওয়ার্ডেই তারা জয় পেয়েছে। এই জয়ের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করে দেন। এবার শপথ গ্রহণ করার পালা।
ইতিমধ্যেই এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। আগামী ২২ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার পুরনিগমে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ওই দিন ৪৭ জন কাউন্সিলরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বোর্ড গঠনও ওই দিনই হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এই গোটা অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কমল অগরওয়াল।
এপ্রসঙ্গে শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, “মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে শপথ শুরু হবে। জেলাশাসক শপথ বাক্য পাঠ করাবেন। ওইদিন প্রত্যেক কাউন্সিলর উপস্থিত থাকবেন। তারপর সেখানে চেয়ারম্যান ও মেয়র পদে নির্বাচন হবে। দুপুরে বাঘাযতীন পার্কে সকলকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।” তবে কারা মেয়র পারিষদ হচ্ছেন কিংবা কে চেয়ারম্যান হচ্ছেন তা এখনও ঠিক হয়নি। একটি ম্যাসেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে তৃণমূল সূত্রে খবর। তবে মেয়র পারিষদ নিয়ে গৌতম দেব বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে মেয়র ঘোষণা করেছেন। এবার বাকিটাও উনি ঠিক করবেন। আমার কিছু জানা নেই যে বোর্ডে কারা থাকছে। তবে যারাই থাকুক সকলকে নিয়ে শহরের উন্নয়নে কাজ করা হবে। আমাদের ইস্তেহারে যা বলা হয়েছে তা মেনেই কাজ হবে। আর আমি ওইদিন সকালবেলা মন্দিরে পুজো দিয়ে শপথ নিতে আসবো।”

