পুরভোটের মুখে নতুন আতঙ্ক বালুরঘাটে! রাত বাড়তেই মুখ ঢাকা কালো পোশাক পরা দুষ্কৃতিরা ছিঁড়ছে তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন, পুলিশের দ্বারস্থ প্রার্থী

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২০ ফেব্রুয়ারি: মুখ ঢাকা কালো পোশাক পরে তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ছে দুষ্কৃতিরা। পুরভোটের মুখে নতুন আতঙ্ক এখন বালুরঘাট শহরে। ঘটনা জানিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার তৃণমূল প্রার্থী। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর কলোনী পাড়া এলাকায়। ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুরজিত সাহা ওরফে বাবুর নামে লাগানো ফ্লেক্স, ফেস্টুনই ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বেছে বেছে বেশকিছু তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে ঢিলও ছুড়েছে দুষ্কৃতিরা বলেও অভিযোগ। যা নিয়ে তৃণমূলের তরফে বাম বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালেও অন্য কথা বলছে স্থানীয়রা।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বাম ও বিজেপি। তাদের দাবি, শুধু তৃণমূলের নয় বিজেপি এবং আরএসপির ফ্ল্যাগ ফেস্টুনও ছেঁড়া হয়েছে ওই এলাকায়। এদিকে এই ঘটনাকে এসব কিছুর ঊর্দ্ধে বলে দাবি করেছেন স্থানীয়রা। তাদের বক্তব্য গভীর রাতে যে দুষ্কৃতিরা এই কাজ করছে তাদের যাতে কেউ চিনতে না পারে সেই কারণে প্রত্যেকের মুখ কালো কাপড় জাতীয় কিছু দিয়ে ঢাকা রয়েছে। চোখে রয়েছে কালো চশমাও। আর যাকে ঘিরেই পুরভোটের প্রাক্কালে এখন নতুন আতঙ্ক বালুরঘাটের ৮ নম্বর ওয়ার্ডে।

তৃণমূল প্রার্থী সুরজিৎ সাহার বক্তব্য, গভীর রাতে তৃণমূলের ফ্লেক্স ফেস্টুন ছিঁড়েছে বিরোধী দলের দুষ্কৃতীরা। তার জয় নিশ্চিত জেনেই এমন কাজে নেমে পড়েছে বিরোধীরা। তিনি এই বিষয়টি জেলা নেতৃত্বর পাশাপাশি পুলিশকেও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *