আমাদের ভারত, ২০ ফেব্রুয়ারি: ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ফলে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। ইউক্রেন সীমান্তে রুশ সেনার উপস্থিতি আশঙ্কাজনক বলে মনে করছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র বারবার দাবি করেছে যেকোনো মুহূর্তে রাশিয়া হামলা চালাতে পারে। ফলে এই উত্তেজক পরিস্থিতিতে কেন্দ্রের তরফে আবারও নির্দেশিকা জারি করা হয়েছে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে। নির্দেশিকায় বলা হয়েছে, বিশেষ প্রয়োজন না থাকলে ইউক্রেন থেকে ভারতীয়রা শীঘ্রই ফিরে আসুক।
ইউক্রেনে ক্রমাগত উত্তেজনা বাড়ছে। ফলে সমস্ত ভারতীয় নাগরিক যাদের সেখানে থাকা অপরিহার্য নয় এবং যে ভারতীয় ছাত্ররা রয়েছে সেখানে তাদের অস্থায়ীভাবে ইউক্রেন ছেড়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। ভারতীয় শিক্ষার্থীদের চার্টাড ফ্লাইটের বিষয়ে জানতে ছাত্রদের ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
রাশিয়া–ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয় বার কেন্দ্রের তরফে ভারতীয়দের ফিরে আসার পরামর্শ দেওয়া হল। পূর্ব ইউরোপের এই দেশে প্রায় কুড়ি হাজার ভারতীয় বসবাস করেন। এদের মধ্যে ১৮ হাজার শিক্ষার্থী। এর আগে ১৬ ফেব্রুয়ারি কিয়েভে ভারতীয় দূতাবাসের তরফে ইউক্রেনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য একই পরামর্শ জারি করা হয়েছিল।
ইতিমধ্যেই ইউক্রেন সীমান্তে রুশ সেনার উপস্থিতি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, কিছু সেনা সরিয়ে নেওয়া হয়েছে রুশ সীমান্ত থেকে। কিন্তু উপগ্রহ চিত্র তার এই দাবিকে মিথ্যা বলেই প্রমাণ করছে। এককথায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ইউক্রেনও নিজেদের প্রস্তুত করেছে। ইউক্রেনের সেনাদের নিয়মিত অনুশীলন চলছে। রাশিয়া যদি হামলা করে তাহলে তাকে ঠেকানোর জন্য নিজেদের প্রস্তুত রাখছে ইউক্রেনের সেনা।

