রাজেন রায়, কলকাতা, ১৪ এপ্রিল: সমস্ত রেকর্ড ভেঙে দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে ফের নয়া রেকর্ড গড়ল করোনা সংক্রমণ। একদিনে সংক্রমণ প্রায় ৬০০০ ছুঁইছুঁই। বুধবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮৯২ জন। মঙ্গলবারের আক্রান্তের সংখ্যার তুলনায় যা ১০৭৫ জন বেশি। বুধবার রাজ্যে মৃত্যু হয়েছে ২৪ জনের। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৬২১ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৩০ হাজার ১১৬ জন। সুস্থতার হার ৯৩.১৬ শতাংশ।
আরও জানা গিয়েছে, কলকাতায় করোনা আক্রান্ত ১৬০১ জন, মৃত্যু ৭ জনের। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ১২৭৭ জন, মৃত্যু ৭ জনের। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৩৩৭ জন, মৃত্যু ১ জনের। হাওড়ায় করোনা আক্রান্ত ৩৩০ জন, মৃত্যু ১ জনের। হুগলীতে করোনা আক্রান্ত ২৮৯ জন।
এখনও পর্যন্ত রাজ্যে ৯৬ লক্ষ ৩২ হাজার ৮৪১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে বুধবার পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৪৬৩ জনের। রাজ্যে এখনও ৭৪২৮টি বেড করোনা রোগীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। তার মধ্যে ১৭৯৬টি আইসিইউ বা এইচডিইউ। ভেন্টিলেটর রয়েছে ৫২৫টি।
এদিকে করোনা সংক্রমণ বাড়তেই ফের সামাজিক কর্তব্য মেনে উত্তর কলকাতার বিভিন্ন বাজার এলাকায় মাইকিং এবং ‘মাস্ক আপ কলকাতা’ কর্মসূচি ফের চালু করল কলকাতা পুলিস। পথচলতি বিভিন্ন মানুষজনকে মাস্ক পরানো ছাড়াও ফের সংক্রমণ বৃদ্ধির কথা জানিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করতে দেখা যায় পুলিশ কর্মীদের।

