জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিল: প্রতি বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে দাঁতন থানার সোনাকানিয়ায় সুবর্ণরেখা নদীর বালুচরে বসেছিল বালিমেলা। সোনাকানিয়ায় সুবর্ণরেখা নদী বাংলা ও ওড়িশা রাজ্যের সীমান্ত রেখার কাজ করে। গত বছর করোনা পরিস্থিতির জন্য এই মেলা হতে পারেনি। প্রায় একশো বছর ধরে চলে আসা এই মেলায় তাই এবছর মানুষের ঢল নেমেছিল। সুবর্ণরেখা নদী তীরবর্তী দুই রাজ্যের প্রায় ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ ভিড় করেছিলেন এই মেলায়।

বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বালি উত্তপ্ত হয়ে ওঠে বলে সকাল সকাল শুরু হয় বালি মেলা। মেলায় বসা সারিসারি দোকানপাটে কেনাবেচার সঙ্গে সকালবেলা নদীর তীরে চলে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান পর্ব। এই মেলার বিশেষ বৈশিষ্ট্য হল, মেলা কারো ব্যক্তিগত বা কোনো কমিটির উদ্যোগে আয়োজিত হয় না। চিরাচরিত প্রথা মেনে সকাল সকাল শুরু হয় এবং দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে শেষও শেষ হয়।

