জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিল: দুঃস্থ পরিবারের মেধাবী ছাত্রদের পাশে দাঁড়ালেন কলকাতার এক চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট। কেশপুর সুকুমার সেনগুপ্ত কলেজের দ্বিতীয় বর্ষে পাঠরত সুশান্ত পয়ড়্যার পরিবার দারিদ্র্যতার কারণে পড়াশোনার প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছিল না। তবুও প্রতিকুল পরিস্থিতির সঙ্গে লড়াই চালিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা জারি রাখে সুশান্ত। দিনমজুর পিতা সুশান্তের এই স্বপ্ন পূরণে সক্ষম হচ্ছিলেন না। এই অবস্থায় সুশান্তকে সব ধরনের সহযোগিতা করতে এগিয়ে আসেন কলকাতার চ্যাটার্ড আ্যকাউন্টেন্ট এমএবি রাজু। তিনি আজ কেশপুরের বাসিন্দা সুশান্ত পয়ড়্যার হাতে স্নাতকস্তরের পাঠ্য বইয়ের পুরো সেট ও অন্যান্য শিক্ষা সামগ্রী সহ ১০ হাজার টাকার চেক তুলে দেন। দুঃস্থ ছাত্রটির পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, “আমি মধ্যবিত্ত পরিবার থেকে বড়ো হয়েছি। নিজেও খুব কষ্ট করে পড়াশোনা কররেছি। মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত মেধাবী শিক্ষার্থীদের দুঃখ কষ্ট বুঝতে পারি। তাই উপযুক্ত পরিকাঠামোর অভাবে যে সব মধ্যবিত্ত পরিবারের এরকম শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি”।
তিনি আরও জানান, “যারা পড়াশোনা করতে চায় কিন্তু বই কিনতে পারছে না, বেতন দিতে পারছে না, তারা আমার কাছে এলে আমি সবসময়ই সাহায্য করবো”। কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের গণিত (সাম্মানিক) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সুশান্তকে এই সহযোগিতা করার জন্য কেশপুর এলাকার বাসিন্দারা মি: রাজুবাবুর প্রশংসা করেছেন।

