২০০ বছরের পুরনো রীতি মেনে গোবরডাঙায় শুরু হল মশলা মেলা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ এপ্রিল: অনেকদিন আগেই শেষ হয়েছে জমিদারি প্রথা। এখন আর হাটে মশলা বিক্রি করে নেই খাজনা দেওয়ার প্রথাও। তবে রয়ে গেছে ২০০ বছর আগেকার খুচরো মশলার ঐতিহ্যবাহী হাট, আজ তা মেলায় পরিণত হয়েছে। অন্যান্য বছরের মতো এবছরও জমজমাট ভাবে উত্তর ২৪ পরগণার গোবরডাঙায় শুরু হয়েছে মশলা মেলা। এই মশলা মেলা চলবে আগামী ১৫ দিন ধরে।

১৮২৩ সালে গোবরডাঙার জমিদার খোলা মুখোপাধ্যায়ের পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই মশলা মেলার শুভ সূচনা করেছিলেন। জমিদারের পুত্রের উদ্দেশ্য ছিল যাতে নববর্ষের প্রথম দিন কৃষকরা উদযাপন করতে পারে এবং তাদের জমির ফসল বিক্রি করতে পারে। পয়লা বৈশাখ থেকে শুরু হয় এই মেলা। তারপর জমিদার বাড়ি লাগোয়া মাঠে ১৫ দিন ধরে এই মেলা চলে জমজমাট ভাবে। বছরের প্রথম দিনে এই মেলা শুরু হয় ভোর ৩টে থেকে। এই মেলার জন্য বহু দূর দূরান্ত থেকে আসে কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা। সাধারণ মানুষ নতুন বছর মনে রাখার জন্য এই হাটে আসে। আজ এত বছর পরেও মশলা মেলাকে কেন্দ্র করে উৎসাহ ও উদ্দীপনার কমতি ছিল না।

এবছর এই মেলা করার উদ্যোগ নিয়েছে গোবরডাঙা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত। করোনা মহামারির কারণে দুই বছর কিছুটা ভিড় কম ছিল মেলায়।

এপ্রসঙ্গে গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত জানিয়েছেন, “এবছর মেলাই যথেষ্ট। আসলে করোনাকালে এই মেলা বন্ধ ছিল। তাই মানুষের অভ্যাসে শিথিলতা এসে গেছে। পৌরসভা ও মেলা কমিটির পক্ষ থেকে চেষ্টা করবো আমরা যাতে এই ঐতিহ্যবাহী মশলার হাট শ্রেষ্ঠত্ব স্থানে নিয়ে যেতে পারি’।

মশলা বিক্রেতা কৃষক অসিত রায় জানিয়েছেন,
‘আমি এখানে ১০ থেকে ১২ বছর ধরে মশলা বিক্রি করতে আসি। এখানে আসলে অনেক সুবিধা পাই, যেমন এখানে পাইকারি খরিদ্দার বেশি আসে। এছাড়াও সাধারণ মানুষ এখান থেকে সারাবছরের মশলা কিনে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *