অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২১ এপ্রিল: ঐতিহাসিক জালালাবাদ যুদ্ধের ৯২ বছর পূর্তি স্মরণে সভার আয়োজন করছে ‘বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থা’। শুক্রবার সন্ধ্যায় হবে এই আয়োজন।
ইন্ডিয়ান রিপাবলিক আর্মি চট্টগ্রাম শাখার সর্বাধিনায়ক মাস্টার দা শহিদ সূর্য সেনের নেতৃত্বে ১৯৩০ সালের ১৮ এপ্রিল বিপ্লবী বাহিনী চট্টগ্রামে টেলিফোন সংযোগ ধ্বংস করে অতর্কিতে ব্রিটিশ সরকারের অস্ত্রাগার দখল করে। মাস্টার দার নেতৃত্বে স্বাধীন বিপ্লবী সাময়িক সরকার গঠন করে। ৪ দিন সেখানে ভারতের পতাকা উড়িয়ে ছিলেন। সমস্ত ইংরেজ প্রাণভয়ে জাহাজে আশ্রয় নেয়। মাস্টার দা ৫২ জন বিপ্লবীকে নিয় জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন সেই রাতেই। কিন্তু গুপ্তচরের কারণে ২২ এপ্রিল বেলা ৩ টেয় অসংখ্য ইংরেজ সৈন্য ৩ দিক থেকে ঘিরে ফেলে। উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। ১২ জন বিপ্লবী মৃত্যু বরণ করে আর ৮০ জন ইংরেজ সৈন্য প্রাণ হারায়।

আয়োজক সংগঠনের যুগ্ম সম্পাদক তপন বিকাশ দত্ত ও অজয় সেন এই প্রতিবেদককে এ কথা জানিয়ে বলেন, “আমরা দিনটি মর্যাদার সাথে প্রতিবছর পালন করি। এই বার ২০২২ -এ আমরা প্রধান অতিথি হিসেবে সাংসদ জহর সরকার ও বিশেষ অতিথি হিসেবে অধ্যাপিকা ডঃ মালিনী ভট্টাচার্যকে পাওয়ার সম্মতি পেয়েছ।
চট্টগ্রাম যুব বিদ্রোহের প্রাক ও বিদ্রোহ পর্বে ৯ জন বিপ্লবী ফাঁসিতে ও মোট ৫৬ জন বিপ্লবী প্রাণ দিয়েছেন। দুঃখের বিষয় যে, তাঁদের আমরা কেউ স্মরণ রাখিনি। পাঠ্য পুস্তকেও তাঁদের কোনও উল্লেখ বা বর্ণনা নেই। কাজেই নুতন প্রজন্মের কাছে দেশপ্রেম কী ভাবে জাগবে? আমরা ২২ তারিখে ১৪টি স্বাধীনতা সংগ্রামী পরিবারকে সম্বর্ধনা দেব।” অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আয়োজক সংগঠনের সভানেত্রী লীলা পুরকায়স্থ।

