আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৭ নভেম্বর: বাবার আত্মঘাতী হওয়ার ঘটনায় শোকে মৃত্যু হল ছেলের। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার দুনি গ্রামের বাসিন্দা বুদ্ধদেব মন্ডল আত্মঘাতী হন। শনিবার সকাল তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শনিবার ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখে অস্বাভাবিক মৃত্যু হয় ছেলে অন্তু মন্ডলের। একই বাড়িতে এক দিনে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামজুড়ে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেব মন্ডল দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন আর যার জেরে শনিবার সকালে বুদ্ধদেব মন্ডল আত্মঘাতী হন। বাবার দেহ দেখে অসুস্থ হয়ে পড়ে ছেলে অন্তু মণ্ডল। মৃত্যু হয় বাড়িতেই। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে এসে পৌঁছয় খড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। খড়গ্রাম থানার পুলিশ শনিবার মৃত দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ।

