আমাদের ভারত, কলকাতা, ১৩ জুলাই:
মঙ্গলবার সন্ধ্যায় ভাটপাড়া পৌরসভার মধ্যেই চলল গুলি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ২৪ নম্বর ওয়ার্ডের পুরপ্রশাসক মণ্ডলীর সদস্য হিমাংশু সরকারের সহকারি সৌরভ অধিকারী। মারধরে আহত হওয়ায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভাটপাড়া পৌরসভার মধ্যে আচমকাই কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে। এরপর তারা বিদায়ী কাউন্সিলর হিমাংশু সরকারের সহকারি সৌরভ অধিকারীকে মারধর করে এবং দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। এরপর পৌরসভার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং ওই দুষ্কৃতীরা চম্পট দেয়। পৌরসভার মধ্যে গুলি চালানোর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ভাটপাড়া থানার পুলিশ প্রশাসন।
প্রতক্ষ্যদর্শীদের বক্তব্য “দুষ্কৃতীরা হঠাৎ এসে পৌর সভার মধ্যে ঢুকে মারধর ও গুলি চালিয়েছে। এই ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে আছি।” এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।

