প্রেসিডেন্সির ছাত্রাবাস খুলতে বৃহত্তর আন্দোলনের ডাক এসএফআই-এর

আমাদের ভারত, কলকাতা, ৮ ফেব্রুয়ারি: ছাত্রাবাস খুলতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই শাখা।

মঙ্গলবার আন্দোলনকারী সংগঠনের শাখা সম্পাদক অদ্রিজা কারক জানান, “ছাত্রছাত্রীদের দীর্ঘ আন্দোলনের পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ক্যাম্পাস খুলতে বাধ্য হয়েছে এবং ইতিমধ্যেই কলেজের বিভিন্ন বিভাগে অফলাইন ক্লাস ও শুরু হয়ে গেছে। তবে দূরত্বের কারণে বহু ছাত্রছাত্রী অফলাইন ক্লাসে উপস্থিত থাকতে পারছে না। তাই সোমবার হিন্দু হোস্টেল ও গার্লস হোস্টেল খোলার দাবি নিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এসএফআই ইউনিটের তরফে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল হয়।”

অদ্রিজা কারক জানান, “এই সঙ্গে, ডিন স্যারের কাছে হোস্টেল নিয়ে জবাব এবং পরবর্তী পরিকল্পনা জানতে চাওয়া হয়েছিল পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। আজ পুনরায় ডিন স্যারের সাথে কথা বলা হয় এবং কোনো সদুত্তর পাওয়া যায়নি। অবিলম্বে হোস্টেল খোলা নিয়ে যদি কোনো সঠিক তথ্য কর্তৃপক্ষ না দেয় তবে বৃহত্তর আন্দোলনই একমাত্র পন্থা হয়ে দাঁড়াবে – তা জানানো হয়েছে। আজ ডিন অফ স্টুডেন্টস’-কে প্রেসিডেন্সি এসএফআই ইউনিটের তরফ থেকে স্মারকলিপিও জমা দেওয়া হলো।

হোস্টেল খোলার দাবি নিয়ে আমরা যে বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যেতে চলেছি, সেই আন্দোলনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সমগ্র ছাত্রদলকে আহ্বান জানানো হচ্ছে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *