নিয়ম মেনে দ্বিতীয় রিপোর্ট পেশ সিটের, ঘর ছাড়াদের ফেরাতে নির্দেশ হাইকোর্টের

রাজেন রায়, কলকাতা, ৮ নভেম্বর: বিধানসভা ভোট পরবর্তী হিংসা নিয়ে ঘটনার গুরুত্ব অনুযায়ী সিবিআই এবং সিটকে পৃথকভাবে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর হাইকোর্টের নির্দেশ মেনে ঠিক ৬ সপ্তাহের মধ্যেই ৪ অক্টোবর পৃথক পৃথকভাবে রিপোর্ট জমা দিয়েছিলেন সিবিআই এবং সিটের তদন্তকারী অফিসাররা। কিন্তু সেই সময়েই সিটের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন সিটের দায়িত্বপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপভি মজুলা চেল্লুরকে না জানিয়ে তদন্তকারী অফিসারদের নিয়োগ এবং রিপোর্ট পেশ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট।

তবে মাসখানেকেরও বেশি সময় পর প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে জানিয়ে সোমবার ফের ভোট পরবর্তী হিংসা নিয়ে দ্বিতীয়বার রিপোর্ট জমা দিল সিট। এদিন রিপোর্ট জমা দেওয়া হল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তুর এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

অন্যদিকে, এদিনই সিবিআইয়ের কাজের গতি প্রকৃতি জানতে চায় ডিভিশন বেঞ্চ। সিবিআই আইনজীবী ওয়াই জে দস্তুর জানান, সিটের অনেক আগেই আমরা প্রথম রিপোর্ট জমা দিয়েছি। এই মুহূর্তে ৪০ টি এফআইআরের তদন্ত চলছে। অনেককে গ্রেফতারও করা হয়েছে।

আবেদনকারীদের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের তরফে ক্ষতিপূরণ দেওয়ার কথা এখনও ঠিক হয়নি। এছাড়াও অনেক জায়গার মানুষ এখনও ঘরছাড়া। তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করুক আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, তদন্ত চালিয়ে যাক সিবিআই ও সিট। তার জন্য প্রয়োজনীয় সময় দেবে আদালত। নির্দিষ্ট সময় অন্তর রিপোর্ট পেশ করতে হবে দুই তদন্তকারী সংস্থাকেই। ঘর ছাড়াদের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে হবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল গোপাল মুখোপাধ্যায়কে। যারা এখনো বাড়ি ফিরতে পারেনি তাদের নামের তালিকা এজিকে দিক আবেদনকারীরা। আর ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আগে তদন্ত করুক সিট। সিটের চুড়ান্ত রিপোর্ট এলেই ক্ষতিপূরণের বিষয়টি চূড়ান্ত করা হবে। আগামী ২৩ ডিসেম্বর পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *