সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ নভেম্বর: দিন কয়েক আগে আচমকাই মৃত্যু হয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তাঁকে শ্রদ্ধা জানাতে রাজ্যের পাশাপাশি বনগাঁ শহরে মৌন মিছিল হল। সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার পক্ষ থেকে বনগাঁর মুখ্য পৌর প্রশাসক গোপাল শেঠের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়।

বনগাঁ পৌরসভার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাটা মোড়, মতিগঞ্জ ঘুরে বনগাঁ ত্রিকোণ পার্ক সংলগ্ন রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে শেষ হয়। বনগাঁ পুরকর্মচারী সহ তৃণমূল কর্মী, সর্থকরা বুকে ব্যাজ লাগিয়ে মিছিলে পা মেলান। প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জিকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। তাঁর আত্মার শান্তি কামনা করে সকলেই তাঁর ছবিতে মালা পরান।

এব্যাপারে বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ জানান, বনগাঁ পুরসভা এবং রবীন্দ্রনাথ দুটোই সুব্রত মুখার্জির প্রিয় ছিল। তাই তাঁকে স্মরণ করতে পুরসভার উদ্যোগে মৌন মিছিল বের করে তা শেষ করা হয় রবীন্দ্র মূর্তির পাদদেশে। তিনি বলেন, পৌরসভা ও রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কাছে ভীষণ প্রিয় ছিল। তিনি সারা বাংলা ব্যাপী সকল মানুষের কাছে প্রিয় ছিলেন।

