আশিস মণ্ডল, বীরভূম, ৮ নভেম্বর: থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব থেকে এক বৃদ্ধের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শান্তিনিকেতনে। মেরে রক্তাক্ত করা হয়েছে ওই বৃদ্ধকে। ওই ব্যাগে ১৫ হাজার টাকা ছিল বলে বৃদ্ধের দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শান্তিনিকেতন মানেই ভিভিআইপি এলাকা। এলাকার নিরাপত্তার স্বার্থে বোলপুর থেকে শান্তিনিকেতন থানাকে আলাদা করা হয়েছে অনেক আগেই। কিন্তু তাতেও অপরাধ কমেনি। আর তাই সোমবার সকালের দিকে শান্তিনিকেতন থানার ঢিল ছোঁড়া দূরত্বে ছিনতাইয়ের ঘটনা ঘটল। পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বরের বাসিন্দা শ্যামাপদ হালদার শান্তিনিকেতনের পূর্বপল্লিতে তাঁর আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় শান্তিনিকেতন থানার কাছেই একটি মোটরবাইকে দুই যুবক তাঁর পথ আটকায়। তাকে ভাগ্নের বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তোলে। এরপর কিছু দূরে গিয়ে বৃদ্ধ চিৎকার করতে থাকায় মোটরবাইকের পিছনে বসা যুবক বৃদ্ধের হাতে থাকা ব্যাগ ছিনতাই করে তাকে নামিয়ে পালিয়ে যায়। প্রথম দিকে ব্যাগ ছাড়তে না চাওয়ায় বৃদ্ধকে মারধর করে দুই যুবক তার ব্যাগ ছিনিয়ে নেয়।
শ্যামাপদবাবু বলেন, “পূর্ব পল্লিতে ভাগ্নের বাড়ি। সেখানে যাচ্ছিলাম। রাস্তায় দুই মোটর বাইক আরোহী আমাকে ভাগ্নের বাড়িতে ছেড়ে দেওয়ার নাম করে বাইকে তোলে। কিন্তু তারা ভুল রাস্তায় আমাকে নিয়ে যাচ্ছিল। আমি শান্তিনিকেতন থানার কাছেই তাদের নামিয়ে দিতে বললে ওরা আমাকে মেরে মুখ ফাটিয়ে দেয়। এরপর জোর করে আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ১০-১৫ হাজার টাকা ছিল”।
ওই বৃদ্ধ শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও দুষ্কৃতিদের হদিশ করতে পারেনি।

