স্বরূপ দত্ত, আমাদের ভারত, ৮ নভেম্বর: এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে এলাকারই এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। সোমবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রামপঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে আনন্দ বিশ্বাস নামে ঐ যুবককে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে স্থানীয় এক স্কুল ছাত্রীকে রাস্তার মধ্যে শ্লীলতাহানি করে আনন্দ। এই ঘটনা বাড়ির কাউকে না বলার জন্য হুমকি দেয় সে। প্রাইভেট টিউশন পড়ে বাড়িতে আসার পর বিষয়টি বাড়ির লোককে জানায় ঐ কিশোরী। গ্রামবাসীরা বিষয়টি জানতে পেরে ঐ যুবককে ধরে ফেলে। একটি মন্দিরের ভেতরে আটকে রাখা হয় তাকে। পরে স্থানীয় মহিলারা ব্যাপক মারধর করে তাকে। খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। আহত অবস্থায় উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে আনন্দ বিশ্বাস নামে ঐ অভিযুক্তকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।


