স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ সেপ্টেম্বর:
এক মহিলার অভিযোগের ভিত্তিতে নদীয়ার গয়েশপুর থেকে ভুয়ো আধার ও প্যানকার্ড চক্রের হদিশ মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উঠছে নিরাপত্তার প্রশ্নও। এই ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে গয়েশপুরের বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে আধার ও প্যানকার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ উঠছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা কল্যাণী থানায় খবর দেয়। পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। উদ্ধার হয় প্রিন্ট মেশিন সমেত বেশকিছু যন্ত্র। অভিযোগকারী মহিলা জানান, আধার কার্ড ঠিক করে দেওয়ার জন্য ২ হাজার টাকা চাওয়া হয়। যদিও অভিযুক্তদের দাবি, তারা ওই টাকা দাবি করেনি।
পুলিশ নদিয়ার সগুনার বাসিন্দা বিশ্বজিৎ মজুমদার, গেদের বাসিন্দা যোগেশ প্রামাণিক ও প্রত্যয় নাথ, বেথুয়াডহরীর বাসিন্দা বিপ্লব সরকার ও গৌতম সরকারকে গ্রেফতার করে।

