আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ মার্চ: “রাস্তাঘাট থেকে জল নিকাশি, কিংবা আলো, সার্বিকভাবে আধুনিক শহরে পরিণত হচ্ছে পানিহাটি। জল নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। পানিহাটি, খড়দহ বা উত্তর দমদমের বর্ষার জমা জলকে নোয়াই খালে নিয়ে ফেলার ব্যবস্থা হয়েছে। জল নিকাশি খাতে রাজ্য সরকার ৪০ কোটি টাকা খরচ করেছে। বর্ষার জল যাতে এই অঞ্চলের রাস্তার কোনও ক্ষতি না করতে পরে সেই কারনে আমরা আধুনিক মানের রাস্তা গড়েছি। আগরপাড়ায় তৈরী হবে স্টেডিয়াম। ভোটের কারনে সেই কাজ আটকে আছে। সার্বিক ভাবে পানিহাটিতে লোডশেডিং নেই। অলিতে গলিতে আলোর ব্যবস্থা করা হয়েছে। পানিহাটি শহরে শান্তি বিরাজ করছে।” প্রচারে বেরিয়ে এভাবেই মানুষের কাছে পানিহাটি শহরের উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ।
মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল ঘোষ জনসংযোগ করলেন। পানিহাটি পৌরসভার ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলে হুড খোলা গাড়িতে প্রচার করেন তিনি। এদিন ১৬ নম্বর ওয়ার্ডের ইন্দিরা সোসাইটি থেকে শোভাযাত্রা সহকারে হুড খোলা গাড়িতে করে প্রচার শুরু করেন নির্মলবাবু। পাঁচ শতাধিক দলীয় কর্মীদের স্লোগান এর মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলে। তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল ঘোষের প্রচারকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।

